খুলনা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অনলাইন ক্লাস
করোনা পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ক্লাস চালু হচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসরণ করা হবে।
ভার্চুয়াল ক্লাস চালুর আগে সুবিধা-অসুবিধা যাচাইয়ে আলাদা অফিস আদেশ জারি করা হয়েছে। একাডেমিক বিষয়ে সুপারিশ প্রদানের জন্য ডিনবৃন্দের সমন্বয়ে ডিনস কমিটি এবং কারিগরি বিষয়ে সুপারিশ প্রদানে টেকনিক্যাল কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
বুধবার (৩ জুন) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।
এদিকে যে সকল শিক্ষার্থীদের বাড়িতে বিশেষ করে বিদ্যুৎ ও নেটওয়ার্ক সুবিধা নেই তাদের তথ্য ১৫ দিনের মধ্যে সংগ্রহের জন্য ডিসিপ্লিন প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।